করোনায় স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপের পর করোনা ভাইরাসের মহামারিজনিত পরিস্থিতিতে এবার পুুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হয়ে গেল। মার্চ মাস থেকেই এই বিশ্বকাপটি স্থগিত হয়ে যাওয়ার শঙ্কায় ছিল।

ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি এ নিয়ে কয়েকদফা বৈঠকও করেছে। অবশেষে আইসিসির বাণিজ্যিক সংস্থা আইবিসি বোর্ড গতকাল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। পূর্বসূচি অনুযায়ী এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর আসরটি অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল।

টুর্নামেন্টটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়াও ২০২২ সালে পুরুষদের         আরেকটি টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তও হয়েছে। তবে টুর্নামেন্ট দুটি যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতে হবে কি না সে ব্যাপারে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই।

আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি এ ব্যাপারে গতকাল বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের দুটি নিরাপদ ও সফল টি-২০ বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সেরা সুযোগ করে দিচ্ছে।’

এদিকে আইসিসি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপটি অক্টোবর-নভেম্বরে সরিয়ে নিয়েছে। পূর্বসূচি অনুযায়ী এটি ঐ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে একই পরিস্থিতির কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপটি স্থগিত করে দিয়েছিল। এশিয়া কাপ আগের সূচিতে পাকিস্তানে অনুষ্ঠানের কথা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে এটি আগামী বছর শ্রীলঙ্কায় হবে।