ভারতে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশির দুই জনের বাড়ি বড়লেখায়

তপন কুমার দাস, বড়লেখা

    (মৌলভীবাজার) সংবাদদাতা

ভারতের করিমগঞ্জ এলাকায় স্থানীয় লোকজনের হাতে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশির মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাদের দুই জনের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। এরা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. নুনু মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। গত শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলের বগরিজান চা-বাগান এলাকায় স্থানীয়রা পিটুনি দিয়ে তাদের হত্যা করে। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে পিকনিকের কথা বলে পূর্বপরিচিত তিনি যুবক জুড়ী উপজেলায় তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর নুনু মিয়া ও জুয়েল আহমদ বাড়িতে আসেননি। গত রবিবার যারা নিয়ে যায় তাদের মধ্যে একজন বাড়িতে এসে জুয়েলের মুঠোফোন নিয়ে যায়। গতকাল সকালে আরো একজন এসে কাপড় নিয়ে যায়। এরপর বিভিন্ন মাধ্যমে ছবি দেখে নিশ্চিত হন তারা ভারতে নিহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে  মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাদের বাড়িতে ভিড় করেছেন। প্রতিবেশীদের চোখেও অশ্রু ঝরেছে। নিহত জুয়েল মিয়ার ভাই রুবেল মিয়া বলেন, গত শনিবার পূর্বপরিচিত কয়েক জন তাদের বাড়ি থেকে জুড়ীতে নিয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ (সোমবার) সকালে জানতে পারি, তারা ভারতে খুন হয়েছেন। তবে তারা কেন এবং কী কারণে ভারতে গেছেন, সে ব্যাপারে কিছুই বলতে পারছি না। এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিভিন্ন মাধ্যমে তিন জন মারা যাওয়ার খবর পেয়েছি। এর মধ্যে বড়লেখার তালিমপুর ইউনিয়নের দু’জনের কথা শুনেছি। আমরা উপযুক্ত কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বাকি তদন্ত অব্যাহত আছে।