জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১(শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী বন্যা ও নদী ভাঙ্গন কবলিতদের পাশে দাঁড়িয়েছেন নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সোমবার (২০ জুলাই) পরিস্থিতি সরেজমিনে দেখতে শিবচরের চরাঞ্চলের কাঠালবাড়ি আসেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তিনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দুর্গত এলাকায় গিয়ে আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি সবাইকে অভয় দিয়ে বলেন, আপনারা চিন্তা করবেন না চীফ হুইপ স্যার, সরকার, আমরা আপনাদের পাশে আছি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪ ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াছ পাশা, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক বেপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ব্যবসায়ী মো: সজিব হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী নেতৃবৃন্দ ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় শিবচরের পদ্মায় বেড়েছে ৪ সে.মি. ও আড়িয়াল খায় বেড়েছে ৬ সে.মি. পানি। পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে শিবচরের ৮ ইউনিয়নে । বর্তমানে প্রায় ৯ হাজারের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। ২১ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত এ সকল ইউনিয়নের ৪ শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে এ পর্যন্ত ১৯ শ পরিবারের মাঝে শুকনো খাবার ও ৫ হাজার ৮ শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এইদিকে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এবং তার পক্ষ থেকে বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকার পরিবারগুলোর মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ বিতরণ করছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নদী ভাঙ্গন ও বন্যা আক্রান্ত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্যারসহ আমরা আপনাদের পাশে আছি আপনারা কোন চিন্তা করবেন না।
ইত্তেফাক/এসআই