করোনা: মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম আরেকটি সফল চিকিৎসা উদ্ভাবনের দাবি

অ্যারোসলভিত্তিক একটি  চিকিৎসার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে দাবি করেছে ব্রিটিশ বায়োটেক ফার্ম সিনায়েরগ্যান। সোমবার ওই চিকিৎসা পদ্ধতির ট্রায়ালের প্রাথমিক ফলাফল প্রকাশের সময় কোম্পানিটি এমনটি দাবি করে। 

জানা গেছে, ট্রায়ালে যুক্তরাজ্যের ১০০ জন করোনা রোগীর ওপর অ্যারোসলভিত্তিক ওই চিকিৎসা প্রয়োগ করা হয়। যেখানে করোনা আক্রান্ত রোগীর ফুসফুসে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য নির্দিষ্ট প্রোটিন প্রয়োগ করা হয়। এসএনজি০০১ নামে উল্লেখিত চিকিৎসার ট্রায়ালে দেখা গেছে যে এর ফলে হাসপাতালের করোনা রোগীর অনেক অসুবিধা কেটে গেছে । প্রাথমিক ফলাফলে বলা হচ্ছে, এই চিকিৎসায় করোনা রোগীকে ভ্যান্টিলেশনে রাখার প্রয়োজনীয়তা ৭৯ শতাংশ কমে যায়।

করোনা ভাইরাসের চিকিৎসায় এটি একটি বড় অগ্রগতি বলে  দাবি করেছে বায়োটেক ফার্ম সিনায়েরগ্যান। তবে এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানায় বায়োটেক ফার্ম সিনায়েরগ্যান।  এ চিকিৎসা পদ্ধতিটি কার্যকরী হলে এটিই হবে করোনার চিকিৎসায় এক বৈপ্লবিক উদ্ভাবন। 

এর আগে আরেকটি ব্রিটিশ গবেষণায় বলা হয়েছে যে,  করোনার মুমূর্ষু রোগীদের জন্য ডেক্সামেথাসন দ্বারা  চিকিৎসা কার্যকরী। তবে স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ায় এর মারাত্বক পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। 

ইত্তেফাক/এআর