সশস্ত্র বাহিনীকে কোভিড-১৯ মোকাবিলার সরঞ্জাম প্রদান মার্কিন দূতাবাসের

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও অন্যান্য সরঞ্জাম প্রদান করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (২০জুলাই) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং দেশটির সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাস প্রতিনিধিরা সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। 

কোভিড-১৯ মোকাবিলায় অব্যাহত সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহয়তার এটি ষষ্ঠতম অনুদান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স এন্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হয়েছে। 

যেসব সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়েছে তার মধ্যে রয়েছে- ১ হাজার ২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য ৮ হাজার ফেস মাস্ক, ২০০-মিলিলিটারের ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৯ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬’শ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১’শ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট এবং ৫’শ মুখমন্ডল ঢাকার শিল্ড। তবে সবগুলো উপকরণ স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কেনা হয়েছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার সম্মানীর টাকায় ঘর পেলেন অসহায় রুবী

যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া এই পিপিই অনুদান সশস্ত্র বাহিনী বিভাগের চিহ্নিত ফার্স্ট রেসপন্ডারদের (প্রথম সাড়াদানকারী) নিজেদেরকে সুরক্ষিত রেখে বাংলাদেশের জনগণকে নিরাপদ ও নিরাপত্তা সেবা দেওয়া নিশ্চিত করবে বলে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়। 

যুক্তরাষ্ট্র এই মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে কাজ করতে এবং দুই দেশের মধ্যকার গভীর সম্পর্ককে আরোও জোরদার করতে অঙ্গীকারাবদ্ধ বলে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বলা হয়। 

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে যুক্তরাষ্ট্রের সরকার এই মহামারি মোকাবেলায় স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি এর মাধ্যমে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের সহায়তা করতে ১.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। 

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশের সংস্থাগুলোকে সহায়তা করছে, যা বিগত ২০ বছরে দেওয়া ১ বিলিয়ন ডলারেরও বেশি স্বাস্থ্য সহায়তার সাথে যুক্ত হচ্ছে। এই অর্থ সহায়তা বাংলাদেশের সকল মানুষের জন্য মানসম্পন্ন জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরে বলে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়।

ইত্তেফাক/এএএম