প্রযুক্তি কি শুধুই মঙ্গলময়?

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশও হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর। কিন্তু এসব কিছু এক শ্রেণির মানুষের আহারও কেড়ে নিচ্ছে! শ্রমিকের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও একনিষ্ঠতায় গড়ে তোলা শিল্প-কারখানা কিছু মানুষকে শিল্পপতি বানিয়েছে। শিল্পপ্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। যার ফলে অবলীলায় ছাঁটাই করে ফেলা হচ্ছে শ্রমিককে। তারা তাদের সবটা দিয়ে কোনো এক বিষয়ে দক্ষ হয়ে ওঠার পরে চাকরিচ্যুত হয়। তার পক্ষে নতুন কোনো কাজ শেখা অসম্ভব প্রায়। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুতে থাকে তারা। আর একশ্রেণির অসাধু লোক তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, মাদক পাচারের মতো অসামাজিক কাজে লাগিয়ে দিচ্ছে। তারাও বাধ্য হচ্ছে এইসব কাজে লিপ্ত হতে। তাই শ্রমিক ছাঁটায়ের আগে তাদের জন্য আলাদা কোনো কর্মক্ষেত্র তৈরি করা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। মানুষের ভাগ্যকে অনিশ্চয়তার মধ্যে রেখে আধুনিক রাষ্ট্র গঠন করা কি আদৌ সম্ভব? প্রশ্ন থেকেই যায়। তাই সেইসব মানুষের দিকটা ভেবে দেখা উচিত।

শাহরীন তাবাসসুম

শিক্ষার্থী,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ