আড়িয়ালখাঁ সেতু
আলমগীর হোসেন সুমন, মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে নদীর অব্যাহত ভাঙনে উদ্বোধনের আগেই আড়িয়ালখাঁ সেতুর সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। জানা গেছে, মুলাদী উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ দ্রুত ও উন্নত করার লক্ষ্যে ২০১৪ সালে উপজেলার রামারপোল এলাকা দিয়ে আড়িয়ালখাঁ নদীর ওপর একটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলার পরে অবশেষে সেতুটি কাজ সমাপ্ত করে কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হান্নান মাতব্বর জানান, উপজেলায় আড়িয়ালখাঁ সেতুটি নির্মাণের ফলে মুলাদী, হিজলা, কাজিরহাট থানাসহ বেশ কয়েক এলাকার মানুষ সহজেই রাজধানী ঢাকায় যাওয়া-আসা করতে পারবে। সেতুটি খুলে দেওয়া হলে সড়ক পথে ঢাকাতে যাতায়াতের সময় কমবে প্রায় দুই ঘণ্টা। আড়িয়ালখাঁ নদীর অব্যাহত ভাঙনে মুলাদী-কালকিনি সংযোগ সেতুর নিচ ও এর আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এভাবে নদী ভাঙতে থাকলে অচিরেই সেতুর সংযোগ সড়ক ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং সেতুটি অকার্যকর হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, সংযোগ সড়কের কাজ কিছুটা অসমাপ্ত থাকায় সেতুটি এখনো যান ও জন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। নদী ভাঙনের হুমকির মুখে থাকা সেতুর সংযোগ সড়ক রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ কর হয়েছে।