দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে ধস

জামালপুর প্রতিনিধি

দ্বিতীয় দফা বন্যায় পানির তীব্র স্রোতে ধসে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কটি। গত পাঁচ দিন আগে ধসে যাওয়া এ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সরেজমিনে দেখা গেছে, উপজেলা বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রাম নামক স্থানে সড়কটি ধসে ছয় ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল বলেন, সড়ক ধসে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে চারটি ইউনিয়নসহ পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলায় হাজারও মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন জানান, যানবাহন চলাচলের জন্য জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা হবে।