শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে গহীনে তেরকাটি খালে প্রজনন মৌসুমে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তেরকাটি খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময়ে জেলেদের নৌকায় তল্লাশি করে জাল ও মাছসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।
আটক দুই জেলে হলো—শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের রবিউল সরদারের ছেলে আলমগীর সরদার ও ওয়াজেদ জোদ্দারের ছেলে মামুন জোদ্দার। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনে নদী-খালে মাছের প্রজনন মৌসুমে বেআইনিভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।