আগামী ডিসেম্বরে নিজেদের মাটিতে সিরিজে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। তার মতে, ভারতের বোলিং লাইন-আপের অন্যতম সেরা পেসার বুমরাহ। তাকে সামলানো বড় চ্যালেঞ্জ হবে। ২৬ বছর বয়সি লাবুশেন বলেন, ‘ভারতীয় দলে অনেক ভালো বোলার রয়েছে। গেল কয়েক বছর বিশ্ব ক্রিকেটে তা দেখা গেছে। তবে এরমধ্যে বুমরাহকে খেলাই সবচেয়ে বেশি কঠিন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে একটানা বল করে যাওয়ার ক্ষমতা আছে তার। পরিস্থিতি বুঝে সুইংও করে সে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালো করে পড়তে পারে বুমরাহ। তার ডেলিভারিগুলো কোনাকুনি উইকেটে ঢুকে আসায় ব্যাটসম্যানেরা সমস্যায় পড়ে। ভারতীয় দলের বোলিং আক্রমণের নেতা বুমরাহ।’