স্পোর্টস রিপোর্টার
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যে হবে না, সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির উন্নতি হতে থাকলেও আয়োজক বোর্ড এটাকে অসম্ভব মনে করছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছে আইসিসি। এই বছর হচ্ছে না বিশ্বকাপ। আর এই সিদ্ধান্তে সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়ার শঙ্কা থাকতে পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। কিন্তু বিসিবি বলছে, বড় কোনো প্রভাব এই সিদ্ধান্তে পড়বে না।
আইসিসির ভার্চুয়াল সভায় সোমবার হয়েছে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর। আইসিসি জানিয়েছে, আগামী বছরের অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্ট, ফাইনাল ১৪ নভেম্বর। ২০২১ সালের বিশ্বকাপ পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ নভেম্বর।
ওয়ানডে বিশ্বকাপ নিয়েও একটি বড় সিদ্ধান্ত অবশ্য হয়েছে আইসিসির এই সভায়। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এখন তা পিছিয়ে গেছে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ২৬ নভেম্বর।
বাংলাদেশের মতো বেশির ভাগ বোর্ডের প্রধান আয়ের উত্স হলো এসব বৈশ্বিক আয়োজন থেকে আইসিসির মাধ্যমে পাওয়া অর্থ। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছিলেন, আইসিসির অর্থ বণ্টনের ব্যবস্থার কারণেই বিশ্বকাপ পেছানোর প্রভাব তাদের ওপর পড়ার কথা নয়, ‘কিছু প্রভাব তো পড়বেই। তবে সেটা খুব বড় হবে না। কারণ, আইসিসি আসলে অর্থটা দেয় বছর হিসেবে; ইভেন্ট হিসেবে নয়। এখন বিশ্বকাপ যেহেতু বাতিল হয়নি, তাই অর্থটা আমরা পাব। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির যেভাবে চুক্তি আছে, সেভাবে বছর অনুযায়ী টাকা পাব আমরা।’
এই ইভেন্টগুলো পিছিয়ে যাওয়ায় বছরের শেষ অংশটা বাংলাদেশ হয়তো ক্রিকেটের জন্য কাজে লাগাতে পারে। এই সময় আর কোনো খেলা নেই। আবার বছরের শেষের দিকে করোনা পরিস্থিতির উন্নতিও হতে পারে। সুজন বলছিলেন, ‘আমাদের তিনটা পূর্ণাঙ্গ সিরিজ স্থগিত হয়েছে। এর মধ্যে হোম সিরিজ ছিল দুইটা। এখন অস্ট্রেলিয়া আর নিউ জিল্যান্ডকে এ বছরই হোম সিরিজের জন্য আনাটা খুব কষ্টকর হবে। সে অবস্থা হবে কি না, বোঝা যাচ্ছে না। আমরা চাইবো এই সময় শ্রীলঙ্কা সফরটা করার চেষ্টা করতে। আর আয়ারল্যান্ডে যদি ওয়ানডে সিরিজটা খেলা সম্ভব হয়, সে চেষ্টা করা হবে। আর আমাদের প্রায়োরিটি থাকবে ঘরোয়া ক্রিকেট—বিশেষ করে প্রিমিয়ার লিগ ও বিপিএল।’