আসামে একদিকে বন্যা অন্যদিকে করোনা

n  প্রত্যন্ত বহু গ্রাম প্লাবিত n ৮৫ জনের মৃত্যু

সিএনএন

ভারতের আসামে করোনা আক্রান্ত এলাকাগুলোতে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। লাখ লাখ লোক এ কারণে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এ পর্যন্ত বন্যায় কমপক্ষে ৮৫ জনের মৃত্যু হয়েছে। বহু লোককে আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে।

গত মে থেকে ভারী বৃষ্টিপাতের কারণে শুরু হওয়া এ বন্যায় প্রত্যন্ত বহু গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এখানকার অধিবাসীরা করোনায় তেমন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কারণ তারা বন্যা থেকে নিজেদের বাঁচাবে না কি করোনার ছোবল থেকে রক্ষা করবে। অবস্থাদৃষ্টে বিষয়টি এখন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পর্যন্ত বাস্তুচ্যুত ৫০ হাজার লোককে ২৭৬টি আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২৪টিরও বেশি জেলার ২৪ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের অংশ কাজিরাঙা ন্যাশনাল পার্কও এ বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একশরও বেশি বন্যপ্রাণী মারা গেছে। যার মধ্যে বিরলপ্রজাতির ১২টি গন্ডারও রয়েছে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীগুলো বন্যার কারণেই ডুবে মারা গেছে। এখানেই বিশ্বের সবচেয়ে বেশি এক শিংযুক্ত গন্ডারের বাস।

পানিসম্পদ মন্ত্রী কেশব মহান্তা জানিয়েছেন, রাজ্যের বেশিরভাগ নদীর পানিই এখন বিপত্সীমার ঊর্ধ্বে। তবে তিনি বলেন, বন্যা মোকাবিলায় তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দুর্গতদের সহায়তায় ত্রাণ তত্পরতা অব্যাহত রয়েছে।