ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি নেই

জাকারবার্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির বিষয়টি অস্বীকার করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাত্কারে জাকারবার্গ ঐ গোপন চুক্তির বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি মানুষের ঐ অনুমানের বিষয়ে শুনেছি। বিষয়টি আমি পরিষ্কার করে বলছি, এ ধরনের কোনো চুক্তি হয়নি। আসলে চুক্তিসংক্রান্ত সমস্ত ধারণাই বেশ হাস্যকর।’

বিধি লঙ্ঘনের জন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্প বারবার জবাবদিহির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে টুইটার তাদের প্ল্যাটফরমে ট্রাম্পের কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু ফেসবুক ট্রাম্পের ব্যাপারে অনেক ‘নমনীয়’। এর আগে গত বছরের অক্টোবরে হোয়াইট হাউজে অনির্ধারিত এক নৈশভোজে যান জাকারবার্গ। সেখানে প্রেসিডেন্টসহ ফেসবুকের বোর্ড সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র পিটার থিয়েল উপস্থিত ছিলেন। ঐ নৈশভোজ নিয়ে সমালোচনার মুখে পড়েন জাকারবার্গ। তিনি বলেন, ‘একটি বিশেষ সমালোচনা আমি দেখছি যে অনেক মানুষ বলছে, আমরা ট্রাম্পের প্রতি বেশি ছাড় দিচ্ছি বা ট্রাম্পের প্রশাসনের বেশি ঘনিষ্ঠ। কিছু মানুষকে বেশি জায়গা দেওয়া মানে তাদের মতের সঙ্গে একমত নই।’ খবর ফোর্বসের।

গত সপ্তাহে ফেসবুকের কর্মীরাও জাকারবার্গকে প্রশ্ন করেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ঐ সময় নৈশভোজের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি। তিনি বারাক ওবামার শাসনামলেও নৈশভোজে অংশ নিয়েছিলেন। আসল ঘটনা হচ্ছে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আশ্চর্যের কিছু নেই। এর অর্থ তার সঙ্গে কোনো চুক্তি করা নয়।