পরিবেশবাদী গ্রুপগুলোকে ১০ লাখ ইউরো দেবেন গ্রেটা থুনবার্গ

এএফপি

জলবায়ু সুরক্ষা আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার পর্তুগাল থেকে একটি এওয়ার্ড পেয়েছেন। তিনি সেই এওয়ার্ড থেকে পাওয়া অর্থের মধ্যে ১০ লাখ ইউরো পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে কাজ করছে এমন সংগঠনগুলোকে দান করবেন বলে জানিয়েছেন।

১৭ বছর বয়সি সুইডিশ পরিবেশবাদী ঐ কিশোরী অনলাইনে তার এক ভিডিও পোস্টে বলেন, ‘পুরস্কারের অর্থ জলবায়ু ও জীববৈচিত্র্য সংকটে ক্ষতিগ্রস্তদের সামনে থেকে সহায়তা করছে এ ধরনের বিভিন্ন সংস্থা ও প্রকল্পগুলোতে আমার ফাউন্ডেশনের মাধ্যমে দান করা হবে।’ পুরস্কারের ১০ লাখ ইউরো আমাজানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় ‘ফ্রাইডেজ ফর ফিউচার ব্রাজিলের’ মাধ্যমে ‘এসওএস আমাজোনিয়া’ কার্যক্রমে দান করা হবে।  এর আগে পুরস্কারের জুরি বোর্ডের সভাপতি জর্জ স্যামপিয়ো থুনবার্গ সম্পর্কে বলেন, ‘তিনি জলবায়ু পরিবর্তন মোকালািয় তরুণ প্রজন্মকে একত্রিত করতে সক্ষম হয়েছেন এবং জলবায়ু পরিবেশের বর্তমান অবস্থা ধরে রাখতে তার সংগ্রাম ও মানবতার জন্য তাকে গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত করা হয়েছে।’ উল্লেখ্য, থুনবার্গের আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেরা মানবাধিকার পুরস্কার এবং নোবেলের বিকল্প হিসেবে সুইডিশ রাইটস লাইভলিহুড এওয়ার্ড পান।