দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ-ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন রূপগঞ্জ-ডুমনী-খিলক্ষেত সড়ক দীর্ঘদিন যান চলাচলের অযোগ্য। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে তারা ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপগঞ্জ-ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডুমনী-খিলক্ষেত সড়ক গর্ত ও খানাকন্দে ভরা। সামান্য বৃষ্টিতে জমে হাঁটু সমান পানি। তখন পুরো সড়ক হয়ে পড়ে পানি আর কাদায় একাকার । ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের সময় সড়কের কাদা পানি পাশের দোকানে ছিঁটকে পড়ে। কোনো কোনো সময় এ সড়কে হেঁটে চলা দায় হয়ে পড়ে । এমন অবস্থায়ই এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করে বেশ প্রায় ডজনখানেক স্কুল ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী । এছাড়া ডুমনী, পাতিরা, ঢেলপাড়া, রূপগঞ্জের ইছাপুরা, গোয়ালপাড়া, টেকনদ্দা, ছনি, বাড়িয়ারটেক, মাইঝপাড়া, বাগেরআগাসহ ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে এ সড়কে। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী একাধিকবার অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও প্রতিকার মেলেনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম ভুঁইয়া জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি সংস্কারের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে আবেদন করা হয়েছে। শিগিগরই সড়কটি সংস্কার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।