দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের পাঙাশ

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। সোমবার পদ্মা নদীতে জয়নাল হালদারের জালে চর কর্নেশন এলাকায় বিশাল এই পাঙাশ মাছটি ধরা পড়ে। সেখান থেকে দুলাল মণ্ডলের আড়তে নিলামে মত্স্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। বর্ষা মৌসুমে এ বছরে এত বড় পাঙাশ মাছ জয়নাল হালদারের জালে প্রথম ধরা পড়ল।

মত্স্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৩০ হাজার ২৪০ টাকা দিয়ে মাছটি কিনে এখন কেজি প্রতি ৫০/১০০ টাকা লাভে বিক্রি করব। মাছটি তাজা রাখার জন্য দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। সৌখিন মাছ ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইল ফোনে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, খুলনার এক ব্যবসায়ী মাছটি কেনার জন্য ফোন দিয়েছেন।’