ইউরোপের অর্থনীতি চাঙ্গা করতে ৭৫০ বিলিয়ন ইউরোর চুক্তি

শুক্রবার থেকে একটানা আলোচনা ও দরকষাকষির পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা অবশেষে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে এসেছেন। করোনা সংকটের জের ধরে ইউরোপে চরম অর্থনৈতিক মন্দার মোকাবিলা করতে তারা বিশাল অঙ্কের প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। খবর ডয়চেভেলের

গতকাল ইইউ সরকার পরিষদের প্রধান শাল মিশেল জানান, করোনা ভাইরাস মহামারি পরবর্তী সংকট মোকাবিলায় ৭৫ হাজার কোটি ইউরোর (এক ইউরো সমান ৯৭ দশমিক ৩১ টাকা) একটি বড় প্যাকেজ অনুমোদিত হয়েছে। এর মধ্যে মাত্র ৩৯ হাজার কোটি ইউরো সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান  হিসেবে দেওয়া হবে। বাকি অর্থ ঋণ হিসেবে বণ্টন করা হবে। নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন এবং শেষ পর্যন্ত ফিনল্যান্ডের আপত্তির কারণে এই রফা মেনে নিতে হয়েছে। কোনো দেশ অনুদান গ্রহণ করে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি কার্যকর না করলে অন্য কোনো দেশ তিন মাসের জন্য অনুদান বন্ধ রাখতে ভেটো প্রয়োগ করতে পারবে। ‘ফ্রুগাল ফোর’ বলে পরিচিত চারটি দেশের উদ্যোগেই বিশেষ করে ইতালি ও স্পেনের মতো দেশকে এমন শর্ত মেনে নিতে হয়েছে। অনুদানের ক্ষেত্রে আপত্তি তুলে নেওয়ার বদলে এই দেশগুলো ইইউ বাজেটের ক্ষেত্রে মোটা অঙ্কের ছাড় পাচ্ছে।

অনুদানের শর্ত হিসেবে আইনের শাসন মেনে চলার বিষয়টি যোগ করা হয়েছে। হাঙ্গেরি ও পোল্যান্ডের বর্তমান সরকার এমন শর্তের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করার হুমকি দিলেও শেষ পর্যন্ত এ ক্ষেত্রেও আপস সম্ভব হয়েছে। উল্লেখ্য, একের পর এক বিতর্কিত পদক্ষেপের কারণে এই দুই দেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। ইউরোপীয় কমিশনের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির অর্থ বণ্টন করা হবে। ২০২১ থেকে ২০২৭ সালের জন্য ১ লাখ ১০ কোটি ইউরো অঙ্কের বাজেটের প্রস্তাবও অনুমোদন করেছেন ইইউ শীর্ষ নেতারা। চার রাত ও পাঁচ দিনের রেকর্ড শীর্ষ সম্মেলনের পর ঐকমত্য সম্ভব হওয়ায় উপস্থিত নেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।