মহম্মদপুর উপজেলার নোহাটা গ্রামে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঐ পরিবারকে সালিশদাররা ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন এবং জরিমানার টাকা না দেওয়াতে ঐ পরিবারের বাড়ি থেকে সোমবার শ্যালো মেশিন, একটি গরু, সাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছেন সালিশদাররা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর সঙ্গে মাগুরা সদর উপজেলার ভাঙ্গুড়া গ্রামের কলেজছাত্র শাহাবুল ইসলামের প্রেমের সম্পর্ক হয় এবং শাহাবুল ইসলামের দ্বারা ধর্ষণের শিকার হয়ে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আসামি কলেজছাত্রকে গ্রেফতার করে।
এই ঘটনায় ধর্ষণের শিকার চাচা স্থানীয় আওয়ামী লীগের কয়েক জন নেতার কাছে বিষয়টি জানালে তারা ১০ জুলাই সালিশ করে ঐ ছাত্রীর পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং ১০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলেন। ধর্ষণের শিকার পরিবার জরিমানার টাকা না দিলে সালিশদাররা ঐ বাড়িতে গিয়ে শ্যালো মেশিন, গরু, সাইকেলসহ বিভিন্ন মালামাল জোরপূর্বক লুট করে নিয়ে যায় ।
এই ঘটনায় মহম্মদপুর থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনসহ ১৬ জনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার লুণ্ঠিত মালামাল উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করেছে।
মহম্মদপুর থানার অফিসার্স ইন চার্জ তারক বিশ্বাস বলেন, এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনসহ ১৬ জনকে আসামি করে ভুক্তভোগীরা মামলা দায়ের করেছেন। পুলিশ লুণ্ঠিত মালামালসহ শ্যালো মেশিনটি উদ্ধার করেছে এবং তিন আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।