হোটেল-৭১-এ থাকা খাওয়ার নথিপত্র দুদকে জমা দিয়েছে কর্তৃপক্ষ

করোনায় চিকিত্সা দেওয়া মুগদা হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যদের থাকা-খাওয়া বিলসহ দুদকের চাহিদা অনুযায়ী নথিপত্র জমা দিয়েছে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালটির উপপরিচালক ডা. আবুল হাসেম দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজের কাছে এসব তথ্য ও নথিপত্র জমা দেন। এর আগে গত ৯ জুলাই দুদক থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৭১ হোটেল কর্তৃপক্ষের কাছে এসব নথিপত্র চাওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ এবং অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। এ অনুসন্ধানের প্রয়োজনে গত ৯ জুলাই কর্তৃপক্ষের কাছে অনুসন্ধানসংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠানো হয়। ঐ চিঠির ধারাবাহিকতায় হাসপাতাল থেকে গতকাল চাহিদা অনুযায়ী নথিপত্র কমিশনে পাঠানো হয়েছে। কমিশন সেগুলো পেয়েছে। এখন কমিশনের কর্মকর্তারা সেগুলো পর্যালোচনা করে দেখবেন পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া দরকার।

অনুসন্ধানের জন্য কোভিড-১৯ রোগীদের চিকিত্সাসেবাদানকারী চিকিত্সক, নার্স ও অন্যদের মধ্যে যারা হোটেল ৭১ এ অবস্থান করেছেন, তাদের তালিকা, এসব ব্যক্তিদের থাকা-খাওয়ার মূল্য নির্ধারণ সংক্রান্তে ‘হোটেল ৭১’ এর সঙ্গে যোগাযোগ, আলোচনা এবং সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত কপি, ‘হোটেল ৭১’ এর অনুকূলে এ যাবত্ পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি এবং চেকের কপি, চেক গ্রহণকারীর নাম-ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত কপি দুদকে প্রদান করতে বলা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত আরো কিছু প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে ঐ চিঠিতে।