স্টার্লিংয়ের জোড়া গোলে সিটির বড় জয়

ওয়াটফোর্ডকে উড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা। দলের পক্ষে জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং।

শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেললেও প্রথম গোলের দেখা পেতে সিটিকে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। কাইল ওয়াকারের ক্রস ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে সিটিকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন স্টার্লিং। 

বিরতির পরও আক্রমণে আধিপত্য ধরে রাখে সিটি। ৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফোডেন। দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন এই ফরাসি ডিফেন্ডার।

৩৭ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিটি। এক ম্যাচ কম খেলা ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করা লিভারপুলের পয়েন্ট ৯৩।

ইত্তেফাক/এএম