বিসিএস সদস্যদের বিনা জামানতে ঋণ দেবে প্রাইম ব্যাংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বিসিএস সদস্য এবং উদ্যোক্তাদের যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান এবং জামানতবিহীন ৫০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়ার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং প্রাইম ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার তথ্যপ্রযুক্তি খাতে বিসিএস সদস্যদের মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) সুবিধা প্রদানের জন্য ওয়েবিনারে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এই অ্যালায়েন্সের উদ্বোধন করেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রথম থেকেই কাজ করে আসছে। প্রাইম ব্যাংক বিসিএস সদস্যদের অর্থায়নে যে সুবিধা প্রদান করছেন তা প্রশংসনীয়। দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আমি আরো বেশি আনন্দিত। তরুণদের আইডল মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নির্দেশনায় তথ্যপ্রযুক্তি খাত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এসএমই খাতকে উত্সাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংককে ২ হাজার কোটি টাকার ক্রেডিট ইন্সুরেন্স পলিসি বাস্তবায়ন করতে বলেছেন। সরকার সবসময় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উত্সাহিত করে। তবে বিসিএস সদস্যদেরও ব্যাংকের এই সহযোগিতার কথা মাথায় রেখে ঠিক সময়ে লোন পরিশোধ করে ব্যাংকিং খাতকেও উত্সাহিত করা উচিত্। বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, করোনা পরবর্তী সংকটময় সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের পাশে প্রাইম ব্যাংকের এগিয়ে আসার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অবস্থাও নাজুক ছিল। আমাদের বেশিরভাগ উদ্যোক্তার বয়স ৩৫ বছরের নিচে।

সমঝোতা চুক্তির ফলে আইসিটি প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং অ্যালটিচুড-সার্ভিস পাবে। এই অ্যালায়েন্সের ফলে বিসিএস সদস্যরা সহজে অর্থায়ন সুবিধা পাবেন।