কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়া উপজেলায় আউশ ধানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ফসল পোকা-মাকড় দ্বারা আক্রান্তের সঙ্গে সঙ্গে ইঁদুর দ্বারাও আক্রান্ত হয়। বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করে পোকা-মাকড় তাড়ানো গেলেও ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। কৃষকরা জানায়, ইঁদুরের হাত থেকে ফসল রক্ষায় ইঁদুর মারার জন্য ‘র্যাট কিলার’ ওষুধ ও ইঁদুরের ফাঁদ পেতে জমির কিছু ইঁদুর মারা সম্ভব হলেও ঐ জমিতে আবার ইঁদুর বাসা বেঁধে ফসল কাটছে। ফলে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করতে ব্যর্থ হয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ইঁদুর কর্তৃক ব্যাপক ফসল ক্ষতি হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কৃষকরা যাতে একযোগে ইঁদুর মারার অভিযান পরিচালনা করে সেজন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে গিয়ে কৃষকদেরকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।