চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চাটখিল পৌর শহরে আব্দুস সাত্তার (৩৫) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের ইউসুফ আলী তফদারের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মইচর গ্রামের কালু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সে চাটখিল পৌর শহরে এসে অটোরিকশা চালাতে শুরু করে। এদিন রাতে স্থানীয় লোকজন তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে হত্যামামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।