ইত্তেফাক রিপোর্ট
ঈদুল আজহা উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার শিল্প এলাকায় খোলা থাকবে তপশিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপার ভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শনিবার পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। ঐদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উপরিল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক প্রদান করা যাবে না এবং এরূপ চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।