প্রণোদনার অর্থ বিতরণ তদারকি করবে বিসিক

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সহায়তায় প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম তদারকিসহ প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রণোদনা বিতরণে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিসিকের ছয় পরিচালককে দায়িত্ব প্রদান করে ১৫ জুলাই এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, সিএসএমই খাতের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি জেলায় এসএমই ঋণ বিতরণ কমিটি গঠন করা হয়েছে। বিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট জেলাসমূহের এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

এছাড়া, জেলা এসএমই ঋণ বিতরণ কমিটির সভাসমূহের সিদ্ধান্ত এবং ফিডব্যাক সমন্বিত প্রতিবেদন বিসিকের মাসিক সমন্বয় সভায় তুলে ধরবেন। বিসিকের চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান বলেন, ইতিমধ্যে ৪২টি জেলার এসএমই ঋণ বিতরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট জেলাগুলোর সভাও শিগিগরই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্পের লোন রিকভারি রেট ৯৯ শতাংশ। এ ধরনের প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে ঋণ দেওয়া হলে তারা ক্ষুদ্র থেকে মাঝারি ও মাঝারি থেকে বৃহত্ শিল্পে পরিণত হতে পারবে।