স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস মহামারির কারণে আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এর সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটি হচ্ছে না।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে যেটি হওয়ার কথা ছিল। এই বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই অক্টোবরে নিউজিল্যান্ড সফর চূড়ান্ত করেছিল বিসিবি। সংক্ষিপ্ত সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলার সূচি ছিল বাংলাদেশ জাতীয় দলের। পুরো পরিকল্পনাই ছিল বিশ্বকাপকেন্দ্রিক।
বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে কন্ডিশনের মিল থাকায় নিউজিল্যান্ডে সিরিজ খেলার ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বকাপ স্থগিত হওয়ায় সংগত কারণে অক্টোবরে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটিও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজন করা সিরিজটি এখন গুরুত্বহীন হয়ে গেছে।
বিসিবির পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম গতকাল জানিয়েছেন, ‘ক্রিকেটাররা যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, অস্ট্রেলিয়ার পেস-বাউন্সি উইকেটে খেলতে যাওয়ার আগে কিছুটা অনুশীলন করতে পারে তাই সিরিজটা আয়োজন করা হয়েছিল।’
আকরাম খান গতকাল বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের কোনো সম্ভাবনা নেই। আইসিসি টি-২০ বিশ্বকাপ মাথায় রেখেই আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা সমন্বয় করেছিলাম। যেহেতু বিশ্বকাপ স্থগিত হয়ে গেছে, তাই এই সিরিজের কোনো গুরুত্ব নেই। শুধু তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আমরা সেখানে যেতে পারি না। অবশ্যই আমরা ঈদের পর বিষয়টা বিস্তারিত আলোচনা করব।’
করোনার কারণে হোমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজও স্থগিত হয়ে গেছে, যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। আগামী বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না পেছালে বা প্রথম চক্র বাতিল না হলে হোমে নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে এই দুই টেস্ট খেলার সুযোগ পাবে না বাংলাদেশ।
চলতি বছর বাংলাদেশের সামনে রয়েছে আর মাত্র একটি আন্তর্জাতিক সিরিজ। ডিসেম্বরে তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা। তবে তার আগে স্থগিত হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যেতে পারে বাংলাদেশ।
গত সপ্তাহে আগ্রহী ক্রিকেটারদের মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ করে দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থা এখন ফোকাস করছে ক্রিকেটারদের মাঠে ফেরানোর বিষয়ে, যাতে ক্রিকেটাররা পুরোদমে অনুশীলন শুরু করতে পারে এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারে, সেটা ঘরোয়া বা আন্তর্জাতিক যেটাই হোক। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে যদি পরিস্থিতির উন্নতি হয়, আমরা খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনব। তারপর পুরোদমে অনুশীলন শুরু হবে। তখন থেকেই যতটা সম্ভব হয় ঘরোয়া ক্রিকেট শুরু করতে চেষ্টা করব।’