ফিফার পাঠানো আরো সাড়ে ৫ লাখ পেলেন জনি

স্পোর্টস রিপোর্টার

প্রতিপক্ষের আক্রমণ থামাতে ফুঁসে ওঠার মতো ফুটবলার মাসুক মিয়া জনি। ইংলিশ কোচ জেমি ডে এমনটাই মনে করেন। এই জনি অনেকদিন ধরে ইনজুরিতে। এখন আশায় আছেন কখন জেমি তাকে ডাকবেন। সিলেটের শ্রীমঙ্গলে জনির বাড়ি। বাড়িতে থাকলেও বসে নেই। অনুশীলন করছেন। তার ক্লাব বসুন্ধরা কিংস এবং জাতীয় দলের অনুশীলন এখনো শুরু হয়নি। ডাক পড়লেই ছুটবেন। প্রস্তুতির মধ্যে ভালো খবর হচ্ছে ফিফা ক্লাব প্রটেকশন স্কীমের আওতায় সর্বশেষ কিস্তির সাড়ে ৫ লাখ টাকা পেয়েছেন জনি। এই নিয়ে ১৩ লাখ ৪৭ হাজার টাকা পেলেন তিনি।

গত বছর ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনে আহত হলে জনিকে খেলাতে পারেননি জেমি। তার দল বসুন্ধরায় খেলতে পারেননি তিনি। ঢাকায় জনির দায়িত্ব নিয়েছিল বসুন্ধরা। তারপরও জনি তার চিকিত্সার জন্য ফিফার কাছে আর্থিক সাহায্যের আবেদন করে এবং ফিফা একাধিক কিস্তিতে সর্বমোট ১৩ হাজার ৮৮৫ ইউরো সমপরিমাণ ১৩ লাখ ৪৭ হাজার টাকা দিয়েছে। সবশেষ কিস্তির টাকা পেয়ে জনি দারুণ খুশি।