স্পোর্টস রিপোর্টার
শ্রাবণের বারিধারা সকাল থেকে দুপুর অব্দি অব্যাহত ছিল। বিসিবি একাডেমি মাঠে জমে গিয়েছিল পানি। অগত্যা অনুশীলনের জন্য ইনডোরকেই বেছে নিতে হয়েছে মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান রানাকে। ব্যক্তিগত অনুশীলনের অংশ হিসেবে গতকাল এই দুই ক্রিকেটার মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন। জিমে ফিটনেসের কাজ করেছেন তারা। ইনডোরে ব্যাটিং করেছেন মিঠুন। এদিন অনুশীলনের কথা ছিল ইমরুল কায়েসেরও। জানা গেছে, পারিবারিক কারণে ব্যস্ত থাকায় আসতে পারেননি তিনি।
গতকাল দিনের শুরুতে সকাল ৯টা থেকে আধঘন্টা ফিটনেসের কাজ করেছেন রানা। মিঠুনের আজ জিম সেশন ছিল না। রানিং ও ব্যাটিং করেছেন তিনি ইনডোরে। রানিংয়ের পর ইনডোরে প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
উল্লেখ্য, করোনাকালেও ব্যক্তিগতভাবে আগ্রহ দেখানোর কারণে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। ঈদের আগে ২৬ জুলাই পর্যন্ত চলবে এই অনুশীলন।