ভারতে করোনা ভাইরাসের কারণে বাতিল হলো অমরনাথ যাত্রা

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চলতি বছরের অমরনাথ যাত্রা বাতিল করেছে জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ।

হিমালয়ের গুহায় অবস্থিত একটি মন্দির পরিদর্শনে প্রতি বছর দু্ই মাসব্যাপী হওয়া এ তীর্থযাত্রায় লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী অংশ নেন। কাশ্মীরে শনাক্ত কোভিড-১৯ রোগী বাড়তে থাকায় তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকে এ বছরের যাত্রা বাতিলের সিদ্ধান্ত হয় বলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে জনসাধারণের জন্য জম্মু ও কাশ্মীরের সব প্রার্থনালয়ও ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত কেন্দ্রশাসিত এ অঞ্চলে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে; মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

প্রতি বছর সাধারণত জুলাই ও আগস্ট মাসে এ অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রা শেষ হয় পাহাড়ের ওপর অবস্থিত অমরনাথ গুহার মন্দিরে গিয়ে। মন্দির কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, তীর্থযাত্রীদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে, এ উদ্বেগ থেকেই চলতি বছরের যাত্রা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ‘ভক্ত-অনুসারীদের জন্য মন্দিরের আচার-অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে’ জানিয়েছে তারা।  গত বছর বিজেপি নেতৃত্বাধীন সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার পর কর্তৃপক্ষ আগস্টের শুরু থেকে বাকি সময়ের জন্য অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের সংবিধানের ঐ অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ছিল। ৩৭০ অনুচ্ছেদ রদ করার পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।