ভারতে স্বর্ণের দামে নতুন রেকর্ড

করোনা ভাইরাস মহামারিতে অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও বেড়েছে সোনার দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার সেখানকার সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

 বুধবার দিনের শুরুতেই ভারতের পুঁজিবাজারে ২২ ক্যারেট মানের প্রতি ১০ গ্রাম (১ ভরির সামান্য কম) সোনার দাম পৌঁছায় ৪৯ হাজার ৯৯৬ রুপিতে (৬৭০.৩২ ডলার); বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৬ হাজার ৫০০ টাকা।

সোনার এই দামের বৃদ্ধি ২০১৯ সালের দাম থেকে ২৮ শতাংশ বেশি। সর্বোচ্চ স্বর্ণ ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয়। সেখানকার দামের বিষয়টি তাই স্থানীয় খুচরা বাজারে চাহিদার ওপরও অনেকখানি নির্ভরশীল।

বিশ্ববাজারেও বেড়েছে সোনার দাম। বুধবার প্রতি আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১,৮৬৫.৮১ ডলার, যা প্রায় গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। করোনা ভাইরাস মহামারিতে ইউএস ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামের এই উল্লস্ফন।