বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। এ চক্রটি সাত কলেজের বিভিন্ন বর্ষে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিত। আর এর জন্য ব্যবহার করত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাদেক মিয়ার ছেলে মাসুম রানা রনি ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম সাদেক। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল মাহবুব নামের একটি ভুয়া একাউন্ট থেকে জালিয়াত চক্র ফেসবুকে সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে। জালিয়াত চক্র একই সঙ্গে ডিগ্রি (পাস)-এর শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপেও কমেন্ট করে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া এবং কম নম্বর প্রাপ্তদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী অনেক শিক্ষার্থী বিকাশের মাধ্যমে এ চক্রকে অর্থ প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গত পহেলা জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-৩-এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই সূত্র ধরে গতকাল র্যাব-৩ এই চক্রের মূল হোতাসহ দুই জনকে আটক করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহূত ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।