প্রকৃতপক্ষে মিডিয়াই আমাদের আয়না ------------------ আইজিপি

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি। মিডিয়া প্রকৃতপক্ষে আমাদের আয়না। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। আমরা ভালো কাজ করলে মিডিয়া প্রশংসা করবে, খারাপ করলে তাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে আলাপচারিতায় মিডিয়া সম্পর্কে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন ড. বেনজীর আহমেদ। ক্র্যাব সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এ সময় বক্তব্য রাখেন। সভাপতি তার বক্তব্যে আইজিপির বর্ণাঢ্য কর্মময় জীবন এবং অভিজ্ঞতা তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। বর্তমান পুলিশপ্রধানকে একজন অত্যন্ত উঁচুমানের ‘আইকনিক লিডার’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে।

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, মো. শাহাব উদ্দিন কোরেশী, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, ডিআইজি (মিডিয়া) তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি (অপারেসন্স) এম খুরশীদ হোসেন, এআইজি (অ্যাডমিন) মাসুদুর রহমান, এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা, সিনিয়র তথ্য অফিসার এ কে এম কামরুল আহসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ক্র্যাব কার্যনির্বাহী কমিটির অন্যদের মধ্যে যুগ্মসম্পাদক সাখাওয়াত কাওসার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম উপস্থিত ছিলেন।