প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। দুই জনের মধ্যে প্রায় ১৫ মিনিট আলাপ হয়।

ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাষণ বিনিময়ের পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলাবিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে চিকিত্সাবিষয়ক সব উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পরিকল্পনা করেছে এবং যেসব কার্যক্রম চলছে সেগুলো বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রী আলাপ করেন।          ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান বা এপিপি দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলোচনা সম্পর্কে আরেকটু বিসতারিতভাবে জানিয়ে একটি খবর প্রকাশ করেছে। সেই খবরের সূত্র ধরে বিবিসি বাংলা জানায়, আলোচনার সময় ইমরান খান উল্লেখ করেন যে, পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গভীর করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় ইমরান খান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে তাঁর দেশের গুরুত্ব দেয়ার বিষয়টি শেখ হাসিনাকে জানান।

এপিপি'র খবরে আরও বলা হয়, ইমরান খান এ সময় নিয়মিত দ্বিপাক্ষিক যোগাযোগ এবং দুই দেশের মানুষের মধ্যে সংযোগের স্থাপনের গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন।

বার্তা সংস্থাটি বলছে, সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে ইমরান খান গুরুত্বারোপ করেছেন যে, দুই দেশ (পাকিস্তান ও বাংলাদেশ) যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য কাজ করতে পারে।

এপিপি বলছে, টেলিফোন আলাপের সময় ইমরান খান "ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের গুরুতর অবস্থা নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন" এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী অঞ্চল গড়ে তুলতে জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

শেখ হাসিনাকে পাকিস্তান ভ্রমণের জন্যও আবার আমন্ত্রণ জানান ইমরান খান।