রিজেন্ট-জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হয়েছে বহুল আলোচিত অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসানকে। তার অপসারণ ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসচিব। মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার আস্থাভাজন হিসেবে তিনি ঐ পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তার কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিরক্ত ছিলেন। অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে তার দিকে অভিযোগের আঙুল ওঠায় গতকাল বুধবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। তবে এ পদ এখনো শূন্য হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। পরে পদত্যাগপত্র গৃহীত হয়ে ফাইল আকারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসবে। তারপর পদ শূন্য হওয়ার পরিপত্র প্রকাশ করা হবে। এর পরই নতুন ডিজি কিংবা ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হবে।
এবার ঢাকা ট্রমা সেন্টার বন্ধ
করল স্বাস্থ্য অধিদপ্তর
২০১৮ সালের ৩০ জুনের আগেই ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও কার্যক্রম চালিয়ে আসছিল এ হাসপাতালটি। লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।