চাঁদা না পেয়ে মিথ্যা মানহানির অভিযোগ তুলে সিদ্দিক আকন্দ নামের এক যুবককে গলায় জুতার মালা দিয়ে হাটবাজারসহ পুরো গ্রাম ঘুরানোর অভিযোগে অবশেষে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সাত গ্রাম্য মাতাব্বরকে গ্রেফতার করেছে। মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
মামলার সূত্র ও পুলিশ জানান, গত ১১ জুলাই উক্ত গ্রামের প্রভাবশালী খানবাড়ির লোকজন তার বিরুদ্ধে এক নারীর ইজ্জত লুণ্ঠনের অভিযোগ তোলে এবং তার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা চায়। চাঁদা না পেয়ে তাকে দোষী করে গ্রামে অপপ্রচার চালায়। গত ২০ জুলাই হাটমাগুড়া গ্রামের নওশের আলীর বাড়িতে জোরপূর্বক সালিশ বৈঠকের আয়োজন করে। ঐ বৈঠকে সে নিজেকে নির্দোষ দাবি করলেও ঐ সালিশের মাতাব্বররা তাকে মারপিট করে এবং গলায় ছেঁড়া জুতা দিয়ে হাটমাগুড়া বাজার ও পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরদিন সে থানায় ঐ গ্রামের ২২ জন মাতাব্বরকে বাদী করে মামলা দায়ের করলে পুলিশ গত বুধবার ভোররাতে ঐ গ্রামের উজ্জল খান গেন্দা (৫০), বাদশা খান (৫২), জুলহাস খান (৪৫), আজম খান (৪৮), মোনায়েম খান (৪৫), মোখলেছুর রহমানকে (৩৫) গ্রেফতার করে। তাদের জেলা হাজতে পাঠায়। ঘটনাটি এলাকায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।