বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতায় গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে, জীবিকার চিন্তায় অস্থির হয়ে আছে। মানুষের মৌলিক অধিকার, ভোট দিয়ে নেতা নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন ও সরকার নির্বাচনের অধিকার হরণ করা হয়েছে। গতকাল বুধবার এক ভার্জুয়াল স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। প্রয়াত শাহজাহান সিরাজের স্মরণে এ সভার আয়োজন করে বিএনপি কমিউনিকেশন।
মির্জা ফখরুল বলেন, আমি খুব কষ্ট পেয়েছি কয়েক দিন আগে বাংলাদেশের তথাকথিত কয়েকজন বুদ্ধিজীবী কিছু লেখা লিখেছেন শাহজাহান সিরাজ সম্পর্কে। আমি তাদের নাম বলতে চাই না। শুধু এটুকু বলতে চাই, একজন মানুষকে তার যেটুকু পাওনা সেটুকু দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক নেতা, প্রত্যেকটা সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সবার দায়িত্ব।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, একটি কাজের জন্য শাহজাহান সিরাজ বাংলাদেশে বেঁচে থাকবেন, সেটি হলো ৩রা মার্চ। সেদিন বঙ্গবন্ধুকে সামনে রেখে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন।
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, সত্তরের ম্যান্ডেট পাওয়ার আগে যদি আমরা স্বাধীনতার শ্লোগান দিতাম, তাহলে জনগণ আমাদের বিচ্ছিন্নতাবাদী ভাবত। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, স্বাধীনতা উত্তরকালে সংবিধানে বলা হয়েছিল গণতন্ত্র, শোষণহীন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও স্বাধীন জাতীয় বিকাশে জাতীয়তাবাদ। এখন গণতন্ত্রের হাল কী? গণতন্ত্র তো দূরে থাক, ভোটতন্ত্রও নাই।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহিরউদ্দিন স্বপনের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।