রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য সহযোগিতা অব্যাহত রেখেছে জার্মানি

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য সহযোগিতা অব্যাহত রেখেছে জার্মান সরকার। গতকাল বুধবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান সরকার সম্প্রতি ৪৫ লাখ মার্কিন ডলার ( প্রায় ৩৯ কোটি টাকা) অনুদান হিসেবে দিয়েছে। এই অনুদান কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগণের সংকট নিরসনে ব্যবহূত হবে।

এই অনুদানের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয় জনগণের প্রতি যে অঙ্গীকার তা পরিপূরণে এই অনুদান বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। জীবনরক্ষাকারী সহযোগিতা এখন অত্যন্ত জরুরি, বিশেষ করে চলমান মহামারি ও ভারী বর্ষণ যখন অরক্ষিত জনগোষ্ঠীকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ৮ লাখ ৫৯ হাজার রোহিঙ্গার খাদ্যচাহিদা পূরণের জন্য ডব্লিউএফপির সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। এছাড়াও ডব্লিউএফপি পুষ্টি ও জীবিকার ক্ষেত্রে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গির উন্নয়নের জন্য সহযোগিতা প্রদান করে থাকে।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টজ বলেন, বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির অনেকদিনের অংশীদার হিসেবে আমরা এটা জানতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুদান এমন কঠিন সময়ে সব থেকে অরক্ষিত মানুষদের জীবন বাঁচাতে জনহিতকর কাজে সামনের সারিতে থাকা কর্মীদের সহায়তা করছে।

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, যখন কোভিড-১৯ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সামাজিক বৈষম্য বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করছে ঠিক সেই সময় পৃথিবীর সবথেকে অরক্ষিত জনগোষ্ঠীর প্রতি সংহতি অব্যাহত রাখা এবং উদারতা প্রদর্শনের জন্য জার্মানির প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।