বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা দুর্যোগের মধ্যেও একদিকে চলছে সরকারের লুটপাট, অন্যদিকে চলছে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন মানুষের আহাজারি। এ সরকার কখনোই জনগণের উন্নয়নে কাজ করে না। তারা শুধু মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের লোকদের পকেট ভারী করতে অতি ব্যস্ত। সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। ঈদের আগে সব কারখানার শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকারঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের দেওয়া ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এ মানববন্ধন করে শ্রমিক দল।
রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করায় সেসব কারখানার শ্রমিকদের বাঁচার কোনো অধিকার থাকল না। তাদের এখন মানবেতর অবস্থা। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বন্ধ। আজকে সরকারের একটি দপ্তরে একটি বঁটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটি চামচ ১ হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছে ২ লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ। তারা আসলেই করোনার চেয়ে দুর্নীতি আর লুটপাটে শক্তিশালী।
শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির সহ-শ্রমবিষয়ক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, মফিদুল ইসলাম মোহন, জুলফিকার মতিন সুমন ভুঁইয়া প্রমুখ।