করোনা চিকিত্সা-------

বাড়িতে ফ্রি চিকিত্সাপত্র আর ওষুধ পৌঁছে দিচ্ছেন তারা

রাজধানীতে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিত্সাপত্র ও ওষুধ নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিত্সক অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি গত দুই সপ্তাহে শতাধিক কোভিড-১৯ রোগীর বাসায় ওষুধ ও চিকিত্সাপত্র পৌঁছে দিয়েছেন।

বিভিন্ন হাসপাতালে চিকিত্সার নানা অব্যবস্থাপনার কারণে অনেক করোনা আক্রান্ত রোগী নিজ বাড়িতে থেকে চিকিত্সা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমন বাস্তবতায় ঐসব রোগীর চিকিত্সা সহায়তার উদ্যোগ নেন ডা. নজরুল। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের বিভাগীয়প্রধান।

তিনি একই মেডিক্যাল কলেজের দুই সহকর্মী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একজন চিকিত্সকের সহায়তা নিয়ে এই মহত্ উদ্যোগটি শুরু করেছেন। হলি ফ্যামিলি মেডিক্যালের অধ্যাপক ডা. খাজা সাজেদ আনোয়ার ও ডা. আবু সালেহ মো সালাউদ্দিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. এ এস এম রাফির সহযোগিতায় বিনামূল্যে চিকিত্সাসেবা বাসায় পৌঁছানোর কাজটি করে যাচ্ছেন ডা. নজরুল।

এ ব্যাপারে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আতঙ্কের কারণে অনেক রোগী হাসপাতালে যেতে চান না। জটিল রোগী ছাড়া অন্যদের বাসায় আইসোলেশনে রেখেও চিকিত্সা দেওয়া সম্ভব। ফলে আমাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে আমরা তাদের বিনামূল্যে চিকিত্সাপত্র দিয়ে থাকি। এছাড়া ৯ ধরনের ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এরপর চিকিত্সা চলাকালীন নিয়মিত মোবাইলে যোগাযোগ রক্ষা করি। কোনো রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে আমরা সাহায্য করে থাকি। তিনি জানান, বিনামূল্যে চিকিত্সাসেবা নেওয়ার জন্য প্রফেসর নজরুল ইসলাম ০১৭১২১৫৬৩২৭, প্রফেসর ডা. খাজা সাজেদ আনোয়ার ০১৭১৫১৭৫৩৬৬, ডা. এ এস এম রাফি ০১৭৭২০৪৭৫৫৯ ও ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে ০১৬৭৮০৩৫২৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।