সিরিয়ার সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছে ক্ষমতাসীন বাশার আল-আসাদের নেতৃত্বাধীন বাতপার্টি। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ২৫০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে ১৭৭ আসনে জয়ী পেয়েছে বাশারের দল ও তার মিত্ররা। সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এই ভোট অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সিরিয়ার নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। তবে এই নির্বাচনকে প্রহসন বলে নিন্দা জানিয়েছে দেশটির আসাদ বিরোধী রাজনৈতিক জোট।
আল জাজিরার এক খবরে বলা হয়েছে, এই নির্বাচনে বাশার আল-আসাদের জোটের জয় প্রত্যাশিত ছিল। নির্বাচনে ভোট পড়েছে ৩৩ শতাংশ। ২০১৬ সালের নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়েছিল। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচনের ফল নিয়ে সংক্ষুদ্ধ যে কোন প্রার্থী আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন।
এপ্রিলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সেটি স্থগিত করা হয়। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার অভ্যন্তরে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে বহু মানুষ। যে কারণে অনেকেই এই নির্বাচনে ভোট দিতে পারেননি। এই নির্বাচনের মাধ্যমে পরবর্তী মেয়াদে সরকার গঠনের সুযোগ পেল বাশার আল-আসাদ সরকার। প্রেসিডেন্ট হিসেবে বাশার আল-আসাদ দেশটিতে ২০ বছর অতিবাহিত করেছেন।
প্রসঙ্গত, দশ বছর আগে গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে মধ্যপ্রাচ্যে যে আরব বসন্তের সূচনা হয়েছিল তার ঢেউ লেগেছিল সিরিয়াতেও। সেই আন্দোলনকে পুঁজি করে পশ্চিমা বিশ্ব হামলা চালায় দেশটিতে। এখনো সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি সিরিয়া। আসাদ সরকার সিরিয়া যুদ্ধে ইরান ও রাশিয়ার সহযোগিতায় অনেক অঞ্চল দখলে নিয়েছে।