ব্রাজিলে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড

ব্রাজিলে গত একদিনে রেকর্ড ৬৭ হাজার ৮৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৮৪ জন।  স্থানীয় সময় বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গত মাস পাঁচ আগে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। দেশটিতে এ পর্যন্ত ২২ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৮২ হাজার ৭৭১ জন। 

 এদিকে বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করোনা পরীক্ষার ফল আবারো পজিটিভ এসেছে।  ব্রাজিলের প্রেসিডেন্ট দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইরাস পরীক্ষা করেছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

করোনা নিয়ন্ত্রণের বিষয়ে প্রথম থেকেই উদাসীন ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটির বর্তমান নাজুক পরিস্থিতির জন্য তার উদাসীনতাকে দায়ি করছেন  বিশ্লেষকরা।  

ইত্তেফাক/এআর