বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের বিশ্বনাথ থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ খালেদ মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।  বুধবার (২২ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করান হয়। 

আটক খালেদ মিয়া বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পুলিশের একটি দল বুধবার রাত ১১টায় বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে মাদক ব্যবসায়ী খালেদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ঘরের স্টিলের আলমিরার ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। 

আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট চুক্তির প্রথম চালান নিয়ে গেলো ভারত

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/এসি