খুকুর নৌকা

অঝোর ধারায় বিষ্টি কাঁপন গাছের শাখে

নীল চাঁদোয়ায় ইলিক ঝিলিক ছবি আঁকে।

ভেজা শরীর কাকটা আছে কষ্টে ভীষণ

রাঙাবে সে প্রকৃতিকে শুদ্ধ মিশন।

সেই সে শুরু সকাল থেকে গভীর রাতে

নেই প্রয়োজন থামাথামির নৃত্যে মাতে।

আলতো পায়ে খুকু চলে দুলকি চালে

মিষ্টি মাখা বিষ্টি ফোঁটা খুকুর গালে।

নদী, নালা, খাল, বিল, মাঠ, উপচে পুকুর

জলের স্রোতে ভাসিয়ে দেয় নৌকা খুকুর।

ছলাত্ছলাত্ নৌকা চলে যায় সে দূরে

থামবে কোনো এক অজানা অচিনপুরে।

নৌকা গিয়ে বলবে খুকুর মনের কথা

ভালোবাসার রঙ মাখানোর আকুলতা।