সম্প্রতি শুটিং হলো ঈদের নাটক ‘জানবে না কোনোদিন’-এর। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিন।
জানবে না কোনোদিন নাটকটি প্রসঙ্গে এর চিত্রনাট্যকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি কখনোই প্রচারের আগে নাটকের গল্পটা বলতে চাই না। পারলে শিল্পীদের নামও এড়িয়ে যাই। কারণ এগুলো আগাম বললে, দর্শকদের আগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়। তো এই ঈদের জন্য এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। কাজটি ঠিকঠাক শেষ করতে পেরেছি। এটাই বড় কথা।’
এদিকে অপূর্ব নাটকটির গল্প প্রসঙ্গে জানান, গল্পটা এই করোনাকালকে ঘিরে। দু’জন করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও ক্রাইসিসের গল্প এটি। অপূর্ব বলেন, ‘আসলে বাস্তবতা মেনে নিয়েই সবাইকে এখন চলতে হবে। এটাই নিউ নরমাল। তবে এবার আরো সতর্ক হয়ে কাজ করছি। চেষ্টা করবো এরমধ্যে যাদের কথা দিয়েছি তাদের কাজগুলো শেষ করার। এমনিতেই তো প্রায় সাড়ে ৪ মাস কাজের বাইরে ছিলাম।’