আমেরিকার আস্থা অর্জন করতে পেরেছে ভারত

টেলিযোগাযোগ খাত, ওষুধ ও চিকিত্সা সরঞ্জাম নিয়ে ব্যবসা করে যে বহুজাতিক সংস্থাগুলো তাদের মনোযোগ চীনের থেকে টেনে এনে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারে ভারতই। ভারতের সামনে সেই সুযোগ রয়েছে। আমেরিকাসহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই ভারতের পক্ষে এটা সম্ভব বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আনন্দবাজার পত্রিকার

ভারত ও আমেরিকার বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) ‘ইন্ডিয়া আইডিয়াজ সামিট’ শীর্ষক বার্ষিক অনুষ্ঠানের ভার্চুয়াল সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বুধবার এ কথা বলেছেন পম্পেও।

পম্পেওর কথায়, ‘ভারতই পারে ঐ বহুজাতিক সংস্থাগুলোর মনোযোগ চীনের থেকে নিজের দিকে টেনে আনতে। এটা ভারতের পক্ষে সম্ভব। কারণ, আমেরিকাসহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস ভারত অর্জন করতে পেরেছে।’ সাম্প্রতিক পরিস্থিতিতে চীনা কমিউনিস্ট পার্টির আগ্রাসি মনোভাব আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে গিয়েছে বলেই ভারত ও আমেরিকার মতো গণতান্ত্রিক দেশগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময় এসেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পম্পেও বলেছেন, ‘যাতে বিশ্বের মেধাসম্পদ রক্ষার সংগঠনে এমন কেউ জয়ী হন, যিনি সত্যি সত্যিই এই অধিকারকে মর্যাদা দেন, তার জন্য আমরা (ভারত ও আমেরিকা) একসঙ্গে কাজ করছি। এর পাশাপাশি আমেরিকার সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ককে আরো জোরদার করে তুলতে যে ভারতকে আরো ‘উদার দৃষ্টিভঙ্গির’ পরিচয় দিতে হবে, সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি পম্পেও। পম্পেও বলেন, ‘এটা আমি গত বছরও বলেছি। আবারও বলছি। আমেরিকার সঙ্গে যাতে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক আরো জোরদার হয়, তার জন্য ভারতকে আরো সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।’