কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ও অফিস সহকারীসহ ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে অফিসিয়াল কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়াসহ সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলাটির বিভিন্ন এলাকার পশু খামারি ও কৃষকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যেসব কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে পশু খামারি ও কৃষকদের গৃহপালিত গবাদিপশুর চিকিত্সাসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন পরামর্শ ও সার্বিক খোঁজখবর রাখার কথা সেসব পদই শূন্য রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মোট ১১টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন পাঁচ জন। তারা হলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একজন, ভেটেরিনারি সার্জন একজন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) একজন, অফিস সহায়ক একজন ও ড্রেসার একজন এবং শূন্য রয়েছে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) চার জন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) একজন ও অফিস সহকারী একজন। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খোরশিদ দেলোয়ারের সঙ্গে কথা হলে তিনি জনবল সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেসব পদ শূন্য রয়েছে তারাই মূলত মাঠপর্যায়ে কাজ করেন। কিন্তু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার (সম্প্রসারণ) চারটি পদ শূন্য থাকায় পশু স্বাস্থ্যসেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এখানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার (কৃত্রিম প্রজনন) পদটিও শূন্য। এছাড়া অফিস সহকারীর পদটি শূন্য থাকায় অফিসিয়াল কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে শূন্য এসব পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।