জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেকে) চত্বরে ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এই ম্যুরাল উদ্বোধন করেন।
এ সময় সিটি মেয়র বলেন, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হূদয় থেকে মুছে ফেলতে পারবে না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুন্সী রেজা খন্দকার, খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. অসীম কুমার সাহা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এম এম শাকিলুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র মেডিক্যাল কলেজ চত্বরে গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, দর্শনীয় এই ম্যুরালটি নির্মাণ করেছেন শিল্পী পার্থ প্রতীম সাহা। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।