জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে শহিদুল ইসলাম নামের হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোটেল ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, নিহত শহিদুল ইসলাম গুলশান মোড় মহল্লার কাবাজউদ্দিন মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী শহিদুল ইসলাম শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করলেও বাড়িতে ফিরে যাননি। দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা তদন্তের পর জানা যাবে।