সিলেটে ডিবির হাতে মাদক সম্রাট খালেদ গ্রেফতার

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের দিকনির্দেশনায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ ইমরোজ তারেক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত বুধবার মধ্যরাতে বিশ্বনাথ থানাধীন শিমুলতলা গ্রামের শীর্ষ মাদক সম্রাট খালেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রয় কাজে ব্যবহূত মটরসাইকেল ও ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা। আটক খালেদ জেলার বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের ফজর আলীর পুত্র। এ ঘটনায় এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। আটক আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আটক ইয়াবার মালিক সে ও তার ভাই দুলু বলে স্বীকার করার কথা  জানা যায়। এছাড়া মাদক সম্রাট খালেদের ভাবি ও দুলুর স্ত্রী রেছনা বেগম ইয়াবা নিয়ে কুমিল্লা পুলিশের কাছে আটক হয়ে কুমিল্লা জেলহাজতে রয়েছেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুত্ফর রহমান জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।