সাভারে দুই কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা

সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের নামাবাজার এলাকার রুপা এন্টারপ্রাইজ ও জিরাবো এলাকার বেক টাইম কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র্যাব-৪ জানায়, দীর্ঘদিন ধরে সাভারের নামাবাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে ঐ গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা মালিক গৌতম সাহাকে নগদ ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে পার্শ্ববর্তী বংশী নদীতে ফেলে দেওয়া হয়।

অন্যদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অ্যালুমিনিয়াম সালফেট ও ক্ষতিকর কাপড়ের রঙ দিয়ে সেমাই, বিস্কুট ও কেকসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উত্পাদন করে আসছিল বেক টাইম কারখানার মালিক আলমগীর হোসেন। এসব খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পেয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সকালে কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানা মালিক আলমগীর হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। র্যাব কারখানাটি থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করেছে।